সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচির সুফল হাওড়াতেও - The News Lion

সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচির সুফল হাওড়াতেও




দি নিউজ লায়ন ; সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচিকে সামনে রেখে সোমবার দুপুরে হাওড়ার দাশনগর ট্রাফিক গার্ডের উদ্যোগে ইছাপুর জলের ট্যাঙ্ক মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস, এসিপি ট্রাফিক -৩ অরূপ মুখোপাধ্যায়, দাশনগর ট্রাফিক গার্ডের আইসি স্বরূপ সেন, দাশনগর থানার ওসি অরূপ রায়চৌধুরী, ব্যাঁটরা থানার ওসি দেবাশীষ মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। 'সড়ক সুরক্ষা, জীবন রক্ষা' 


এই বার্তাকে সামনে রেখে ৩২তম রোড সেফটি মাস ( ১৮জানুয়ারি - ১৭ফেব্রুয়ারি ) উপলক্ষে এদিন এক সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়। এদিন হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সুফল পাওয়া গেছে। হাওড়া শহরে দুর্ঘটনার হার কমেছে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণেও দুর্ঘটনার হার অনেকটাই কম ছিল। এছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে রাজ্য জুড়ে লাগাতার কর্মসূচির ফলে মানুষ এখন অনেকটাই সচেতন হয়েছেন। ফলে হাওড়াতেও সড়ক দুর্ঘটনা কমেছে। 


নিয়ম মেনে গাড়ি চালানো, হেলমেট পরে গাড়ি চালানো এই নিয়ম মেনে চলতে সমাজের সকলকে সতর্ক থাকতে হবে। একটা ছোট ভুলের জন্য শুধু নিজের ক্ষতি নয় অন্যের ক্ষতি হতে পারে। কিছু ছোট নিয়ম মানলে শুধু নিজের নয় অন্যের নিরাপত্তা সুনিশ্চিত হয়। বর্তমানে রাস্তায় ভীড় অনেক কমে গিয়েছে। বৃদ্ধি পেয়েছে গতি। আমরা চেষ্টা করছি এর থেকেও ভালো পরিষেবা দেবার জন্য। আমাদের আবেদন মানুষ রাস্তায় বেরোলে সতর্ক থাকুন। ট্রাফিক আইন মেনে চলুন। সামান্য ভুলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। 


এই প্রোগ্রামের মাধ্যমে এখন সারা বছর ধরে মানুষকে ট্রাফিক বিষয়ে সচেতন করা হচ্ছে। আগে এই ধরনের সচেতনতা করা হতো না। সেই কারণে দুর্ঘটনা অনেক কমেছে বলে দাবি তাঁর। তিনি আরও জানান, হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা। এই কারণে শীতকালে ভোরবেলায় যারা দূরপাল্লার গাড়ি বা বড়ো গাড়ি চালান এমন গাড়ির চালকদের তন্দ্রাচ্ছন্ন ভাব কাটাতে জল, গরম চা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 


এই প্রোগ্রাম অনেকদিন আগে থেকেই এখানে চলছে। এই বছর একটু আগে থেকে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। এই ব্যবস্থা নেওয়ার ফলে এই বছর নিদ্রাচ্ছন্ন অবস্থায় দুর্ঘটনার ঘটনা ঘটেনি। নাকা চেকিংয়ের ব্যাপারে ডিসি ট্রাফিক জানিয়েছেন, নাকা চেকিংয়ের সময় এবং জায়গা বাড়ানো হয়েছে। 


অপরাধীরা যাতে সতর্ক হতে না পারে সেই কারণে এক জায়গায় নাকা কম সময়ের জন্য করে অন্য জায়গায় আবার নাকা চেকিং করা হচ্ছে। এতে অনেক সুফল পাওয়া গেছে বলে দাবি তাঁর। সামনেই উত্তর হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রা অনুষ্ঠান। কোভিড বিধি মেনে কী ভাবে সেই অনুষ্ঠান করা যায় সেই নিয়ে আলোচনা চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.